খেলাধুলা ডেস্কঃ তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পাওয়ার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কত দিন মাঠের বাইরে থাকতে হবে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে, এখন সেটিই বড় প্রশ্ন।
তুরস্কের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোল করার কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে চোটের ধরন জানতে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্রান্সের জাতীয় দল ছেড়ে মাদ্রিদে ফিরে যান এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশনের চোট ধরা পড়েছে।
এই চোটের কারণে চলমান আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে আর মাঠে নামতে পারবেন না এমবাপ্পে। ফ্রান্সের সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে—বেলজিয়ামের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর এবং ইতালির বিপক্ষে ২ অক্টোবর।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পের মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক বিরতির পর ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে তাকে দেখা যেতে পারে।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এমবাপ্পেকে দ্রুত মাঠে ফেরানোর ক্ষেত্রে ঝুঁকি নাও নিতে পারে রিয়াল। বিশেষ করে ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর কথা মাথায় রেখে তার ফেরার বিষয়ে সতর্ক থাকতে পারে ক্লাবটি।
ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে এমবাপ্পের খেলা অনিশ্চিত হলেও ২৫ অক্টোবরের এল ক্লাসিকোর আগে তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে ফিরতে পারেন বলে জানিয়েছে এএস।

প্রকাশক, সম্পাদক: মোঃ রবিন মিয়া

নাম্বারঃ ০১৭৭২৬৬৬০৮৬

ঠিকানাঃ ৮১০/৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা

মেইলঃ Protidinerbangladesh026@Gmail.com

Copyright © 2025 All rights reserved