মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না। কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি বাবদ কোনোক্রমেই ৮ হাজার টাকার বেশি না দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানায়, যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা করলে সাথে সাথে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে। এ জন্য secretary@probashi.gov.bd এই ইমেইলে অভিযোগ জানানো যাবে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি লাগে না বলে মন্ত্রণালয় জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

প্রকাশক, সম্পাদক: মোঃ রবিন মিয়া

নাম্বারঃ ০১৭৭২৬৬৬০৮৬

ঠিকানাঃ ৮১০/৩ শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা

মেইলঃ Protidinerbangladesh026@Gmail.com

Copyright © 2025 All rights reserved