ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ, দক্ষিণ আফ্রিকায়ও যাচ্ছেন না সাদমান

খেলাধুলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। গোড়ালির গুরুতর চোটে শুধু চলতি সিরিজ নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তার হাড়েও হালকা চিড় ধরা পড়েছে।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। তাৎক্ষণিকভাবে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিসিবি নিশ্চিত করেছে, গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোটের কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্ট তো বটেই, এমনকি আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়তে চলা বাংলাদেশ দলের স্কোয়াডেও তার থাকা হচ্ছে না। টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ১৫ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত এবং ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদমানের শতভাগ ফিট হয়ে মাঠে ফেরা প্রায় অসম্ভব।

এদিকে সাদমানের এই আকস্মিক অনুপস্থিতিতে ওপেনিং পজিশনে বিকল্প খুঁজতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের। খালি হওয়া জায়গাটিতে নতুন কোনো ওপেনারকে দলে অন্তর্ভুক্ত করার জোর প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *