
আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের গিজা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণমুখী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালু জায়গায় পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খোঁজ করতে দেখা গেছে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে। দুর্ঘটনার পরপরই সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তাকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
দেশটির সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাতজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাস্থলেক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জরুরি সহায়তা দিচ্ছে মিশর রেড ক্রিসেন্ট।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে দক্ষিণে ফাইয়ুমের দিকে যাওয়া একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায় এবং কোনো কোনো বগি উল্টে পড়ে।
দুর্ঘটনার পর গিজা থেকে আপার ইজিপ্ট অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ট্রেনগুলো সরিয়ে নিতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন রেল চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
দুর্ঘটনাটি ঘটেছে আল-আয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাটিও ঘটেছিল এই এলাকায়। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি নিহত হন। তবে বেসরকারি কিছু হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালেও ওই এলাকায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।
সর্বশেষ দুর্ঘটনার পর রোববার দেশটিতে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।
এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। মিশরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবার ও মিশরীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




