ইবোলা জয় করে সচেতনতা বাড়াচ্ছেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় বুতেম্বো শহরের চিকিৎসক ডা. রেমন্ড কাসেরেকা কামওয়াঙ্গা যখন বুঝতে পারেন যে তিনি ইবোলায় আক্রান্ত, তখন তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তার ৫০ বছর বয়সী মা মাসিকা ন্ডুঙ্গো কান্নায় ভেঙে পড়ে তাকে ইবোলা চিকিৎসা কেন্দ্রে যেতে নিষেধ করেন। কারণ, অনেকের ধারণা ছিল সেখান থেকে কেউ আর জীবিত ফেরে না। কিন্তু কাতওয়া হাসপাতালের এই চিকিৎসক জানতেন, বাড়িতে থাকলে তার বেঁচে থাকা অসম্ভব।

গত জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কঙ্গোর এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুতেম্বো শহরটি এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল। এখন পর্যন্ত ১১ হাজার মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ৫ হাজার ৪০০ জন মারা গেছে, যা ইতিহাসে দ্বিতীয় ভয়াবহতম ইবোলা প্রাদুর্ভাব। তবে কামওয়াঙ্গার মতো ৩ হাজার ৩১ জন এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

৩০ বছর বয়সী এই চিকিৎসকের ধারণা, হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় কোনো রোগীর সংস্পর্শে এসে তিনি ভাইরাসে সংক্রমিত হন। তার প্রথমে মাথাব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং পরে বমি ও ডায়রিয়া শুরু হয়। বুতেম্বোতে ইবোলা পরীক্ষার দ্রুত ব্যবস্থা না থাকায় তাকে ৫৪ কিলোমিটার দূরের বেনি শহরে নমুনা পাঠাতে হয়, যার ফলে রোগ নির্ণয়ে দেরি হয়। ১৩ দিন হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

কামওয়াঙ্গা যখন বাড়ি ফেরেন, তখন তার মা ও প্রতিবেশীরা ভয়ে তার কাছে ঘেঁষতেন না। ২১ দিনের ইনকিউবেশন পিরিয়ড শেষ হওয়ার পর তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে শুরু করেন। এই ঘটনা তার পরিবার ও প্রতিবেশীদের ইবোলা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করে। এরপর থেকে কামওয়াঙ্গা ইবোলা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেন এবং নিজের অভিজ্ঞতা নিয়ে ‘দ্য প্রাইস অব সেভিং লাইভস’ নামে একটি বই লিখছেন।

তবে তার এই কাজের পথ সহজ নয়। অনেকেই মনে করেন, ইবোলা বলে কিছু নেই; এটি দাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বা যুদ্ধের পর মানুষকে মেরে ফেলার একটি অজুহাত। সচেতনতা ছড়াতে গিয়ে কামওয়াঙ্গাকে হত্যার হুমকিও পেতে হয়েছে এবং অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তার অভিযোগ, ইবোলা মোকাবিলায় সরকার সঠিকভাবে কাজ করছে না এবং তহবিলের অপব্যবহার হচ্ছে। এত বাধা সত্ত্বেও তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *