চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ডেস্ক নিউজঃ বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের উপস্থিতি জোরদার করার উদ্যোগের অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের মার্চ মাসে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কার্যালয়টি স্থাপন করা হলো।

নতুন চালু হওয়া এই কার্যালয়টি চীনা বিনিয়োগকারীদের জন্য স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে আগ্রহী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের সহায়তা পাবেন। চীনের এই কার্যালয়ের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজারেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এ বিষয়ে ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য শহরটিকে বেছে নেওয়া হয়েছে। চীন ও বাংলাদেশ-উভয় দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের এই কার্যালয়ে যুক্ত করা হয়েছে, যারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার প্রক্রিয়া সহজ করবেন।

গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও সহায়তার দায়িত্বে রয়েছেন চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং। চীন ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মে ঝৌ এর আগে ‘চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ’-এর নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে ১০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইয়াং ওয়েনচুয়াং বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি চীনের একজন যোগ্যতাসম্পন্ন আইনজীবী হিসেবে বিনিয়োগ বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায় দক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অন্যতম প্রধান উৎস হলো চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল দেশটি। ওই বছর চীন থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা দেশের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। বিনিয়োগ রোডশো ও ব্যবসায়িক ফোরামের পাশাপাশি গুয়াংজু কার্যালয়টি দুই দেশের এই বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করছে ইনভেস্ট বাংলাদেশ।

চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরের তিয়ানহে জেলার ১১১–১১৩ তিয়ু ওয়েস্ট রোডের জিয়ানহে সেন্টারের ইউনিট ২৪০৭-এ এই প্রতিনিধি কার্যালয়টি অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *