‘টাইম ১০০’ তালিকায় জায়গা পেলেন রণবীর কাপুর

বিনোদন ডেস্কঃ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত ২০২৬ সালের ‘টাইম ১০০’ তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন প্রখ্যাত শেফ বিকাশ খন্না এবং প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব সুন্দর পিচাই।

বিনোদন, রন্ধনশৈলী ও প্রযুক্তিতে অবদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান আরও দৃঢ় করলেন এই তিনজন। অর্থনীতি, ক্রীড়া, শিল্প ও প্রযুক্তির বিশ্বসেরা ব্যক্তিত্বদের সঙ্গে এক কাতারে উঠে এসেছে তাদের নাম।

রণবীর কাপুরের এই অর্জনে অভিনন্দন জানিয়ে অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেন, ‘কিছু অভিনেতা উত্তরাধিকার সূত্রেই নিজের ঐতিহ্য বজায় রাখেন। আর কিছু অভিনেতা তাঁদের কাজ দিয়ে নিজেই একটি ইতিহাস হয়ে ওঠেন। রণবীর দ্বিতীয় ঘরানার।’

তিনি আরও বলেন, রণবীর শুধু একজন তারকা নন, বরং একজন বিশ্বমানের গল্পকার, যিনি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন। বর্তমানে ‘রামায়ণ’ প্রজেক্টে যুক্ত থাকা রণবীরকে তিনি ভারতের ‘সাংস্কৃতিক সেতু’ বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শেফ বিকাশ খন্না। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ আমাদের ঐতিহ্যের জয়, যা বিশ্ব জুড়ে সমাদৃত। আমি আশা করি এই সম্মান আমার দেশের মানুষকে তাঁদের স্বপ্নপূরণ করতে এবং বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে।’ এই সাফল্যের কৃতিত্ব তিনি তাঁর ঠাকুরমা, মা ও বোনকে উৎসর্গ করেন।

প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তালিকায় স্থান পেয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও।

এবারের ‘টাইম ১০০’ তালিকায় আরও রয়েছেন ফ্যাশন জগতের রালফ লরেন, হলিউড অভিনেত্রী কেট হাডসন, অভিনেতা ইথান হক এবং মহাকাশচারী মার্ক কেলির মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *