তারকা ধারাভাষ্যকারদের ওপর ইসিবির কড়াকড়ি

খেলাধুলা ডেস্কঃ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বেশ কয়েকজন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকারকে একটি নতুন ইউটিউব শো-তে যুক্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এই তালিকায় ফিল টাফনেল এবং স্টিভেন ফি’র মতো তারকা ধারাভাষ্যকার রয়েছেন। বোর্ডের নির্দেশনার পরও তারা ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সময় শো-তে অংশ নিলে, অ্যাশেজ সিরিজের জন্য তাদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল হতে পারে।

এই নতুন বিতর্কের সূত্রপাত হয় যখন, বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ (টিএমএস)-এর পরিচিত কয়েকজন ধারাভাষ্যকার ‘দ্য ইউজুয়াল ভয়েসেস’ (টিইউভি) নামে একটি নতুন ‘ওয়াচঅ্যালং’ শো-তে কাজ করতে সম্মত হয়েছেন। এই অনুষ্ঠানটি লন্ডন থেকে রেকর্ড করা হবে, যেখানে ধারাভাষ্যকাররা টেলিভিশনে ম্যাচ দেখবেন এবং দর্শকদের সঙ্গে নিজেদের মতামত ও প্রতিক্রিয়া শেয়ার করবেন। শো-টি চালু করছে অস্ট্রেলিয়ান কোম্পানি ‘ক্রিকেট এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক’ (সিইএন)। যার অন্যতম প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ও তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্স।

ফিল টাফনেল ও স্টিভেন ফিন ছাড়াও ড্যানিয়েল নরক্রস, অ্যালেক্স হার্টলি, ভিক মার্কস, অ্যান্ডি জাল্টজম্যান, ইবনি রেইনফোর্ড-ব্রেন্ট এবং সাইমন মান-এর এই শো-তে যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার এবং সাইমন হিউজও এই প্রজেক্টে যোগ দিতে সম্মত হয়েছেন।

জানা গেছে, বিবিসি এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয়, কারণ দক্ষিণ আফ্রিকা সফরের সময় তাদের ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ (টিএমএস) ধারাভাষ্যকারদের জন্য কোনো শীতকালীন সম্প্রচারের কাজ নেই। ক্রিসমাসের সময় অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের রেডিও সম্প্রচারের স্বত্ব এরই মধ্যে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ (সিএসএ)-এর কাছ থেকে কিনে নিয়েছে ‘টকস্পোর্ট’।

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ব্যবস্থায় খুশি নয়। বোর্ডের মতে, এই নতুন ইউটিউব শো ‘টকস্পোর্ট’-এর কেনা সম্প্রচার স্বত্বের মূল্য কমিয়ে দিতে পারে। ইসিবি-র প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সতর্ক করে বলেছেন, ধারাভাষ্যকাররা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হবেন, আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের ভেন্যুগুলোতে তাদের মিডিয়া অ্যাক্রিডিটেশন পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।

রিচার্ড গোল্ড আরও ব্যাখ্যা করেন, সম্প্রচার স্বত্ব থেকে প্রাপ্ত অর্থ ক্রিকেট বোর্ডগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করে। এই অর্থ ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’-কে তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদান এবং খেলা পরিচালনার কাজে সহায়তা করে। ইসিবি আয়ের এই উৎসগুলোকে সুরক্ষিত রাখতে চায় এবং তারা চায় না যে কোনো অনানুষ্ঠানিক কার্যক্রম সম্প্রচার স্বত্বের মূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলুক।

আইসিসি সভায় যোগ দিতে বর্তমানে বালিতে অবস্থানরত রিচার্ড গোল্ড ‘টেলিগ্রাফ স্পোর্ট’-কে বলেন, আমরা জানি দক্ষিণ আফ্রিকা সফরের সম্প্রচার স্বত্ব ‘টকস্পোর্ট’ কিনেছে। বর্তমান অস্ট্রেলিয়া সফরের সম্প্রচার স্বত্ব কিনেছে বিবিসি। এই অর্থ ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সিএসএ-এর আয়ের উৎসগুলোকে রক্ষা করতে সহায়তা করতে চাই, কারণ দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়দের বেতন প্রদান এবং খেলার সার্বিক পরিচালনার জন্য তারা এই আয়ের ওপরই নির্ভর করে।

ইসিবি-র প্রধান নির্বাহী সতর্ক করে বলেছেন, তারা এমন কোনো অনানুষ্ঠানিক কভারেজ বা প্রচারণাকে প্রশ্রয় দেবেন না, যা তাদের আনুষ্ঠানিক সম্প্রচার স্বত্বের মূল্য কমিয়ে দিতে পারে। তাদের মতে, ইউটিউবে পরিকল্পিত এই ‘ওয়াচঅ্যালং’ অনেকটা এমন একটি অনানুষ্ঠানিক রেডিও স্টেশনের মতো, যা সম্প্রচার স্বত্বের জন্য কোনো অর্থ প্রদান না করেই টেস্ট ম্যাচগুলোর ধারাভাষ্য বা কভারেজ প্রচার করছে।

গোল্ড আরও জানান, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড  প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে। এছাড়া তাদের নিজস্ব গ্রীষ্মকালীন মৌসুমে আয়োজিত ম্যাচগুলোতে সংশ্লিষ্ট ধারাভাষ্যকারদের মিডিয়া অ্যাক্রিডিটেশন (সাংবাদিক বা ধারাভাষ্যকার হিসেবে প্রবেশের অনুমতি) দেওয়া থেকে বিরত থাকার ক্ষমতাও তারা প্রয়োগ করতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব ধারাভাষ্যকার আমাদের বা আমাদের সহযোগী দেশগুলোর সম্প্রচার স্বত্বের মূল্য কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ এখতিয়ার আমাদের রয়েছে।

তিনি বলেন, মূল বিষয়টি হলো আমাদের সম্প্রচার স্বত্বাধিকারীদের সুরক্ষা দেওয়া। যারা কোনো মূল্য পরিশোধ না করেই কোনো কিছুর ওপর অধিকার দাবি করেন, তাদের কারণে যেন খেলার আর্থিক ভিত্তি ক্ষতিগ্রস্ত না হয়। ইসিবি-র প্রধান নির্বাহী আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ চাইলে ক্রিকেট ম্যাচ দেখতে পারেন এবং ইউটিউবে নিজেদের মতো করে মন্তব্য বা ধারাভাষ্য শেয়ার করতে পারেন।

তবে গোল্ডের মতে, সুপরিচিত ধারাভাষ্যকারদের নিয়ে আয়োজিত পেশাদার ‘ওয়াচঅ্যালং’ সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়; কারণ এটি সরাসরি আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তিনি এই বলে শেষ করলেন, বিষয়টি এমন সব ধারাভাষ্যকারদের কাছেও স্বীকৃত, যারা খেলার ওপর ভিত্তি করেই অন্যান্য ক্ষেত্রে নিজেদের আয় নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *