
ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল এবং এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধে আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করান তিনি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ২০২৩ সাল থেকে টুর্নামেন্টটি নতুন রূপে শুরুর পর মাত্র ১২ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলকে। এর মধ্যে ৫ ম্যাচেই জোড়া গোল করার কীর্তি গড়েছেন মেসি। ২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েই দলকে শিরোপা এনে দেওয়া এই তারকা এবারও দলকে শিরোপার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
