যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ৬৬ বছর বয়সে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি একজন ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এই জ্যেষ্ঠ কূটনীতিক। ২০২৫ সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় জোরদার করাই ছিল তার নিয়োগের অন্যতম লক্ষ্য।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন দারিচেভ। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের মার্চে তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *