সুপারস্টার হয়েও বাস কন্ডাক্টরের জীবন ভোলেননি রজনীকান্ত

বিনোদন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে খ্যাতি, সাফল্য আর অগণিত ভক্তের ভালোবাসায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে এত অর্জনের পরও ভুলে যাননি জীবনের শুরুর দিনগুলো।

একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন তিনি। সেই পেশার প্রতি এখনো রয়েছে তার গভীর টান। এমনকি সুপারস্টার পরিচয়ের চেয়েও বাস কন্ডাক্টরের জীবনকে বেশি আপন মনে করেন বর্ষীয়ান এই অভিনেতা।

গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত তামিল সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের  অতীতের অধ্যায় নিয়ে কথা বলেন রজনীকান্ত। সেখানে তিনি জানান, বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার দিনগুলো এখনো তাকে ভীষণভাবে টানে। জীবনের সেই পাঁচ বছরের স্মৃতি আজও তার মনে অমলিন।

রজনীকান্ত বলেন, অভিনেতা হিসেবে নিজের কাজকে ভালোবাসলেও বাস কন্ডাক্টরের পেশার প্রতি তাঁর ভালোবাসা ছিল আরও গভীর। ওই সময় সামান্য বেতনে কাজ করলেও সেই জীবনকে তিনি কখনো ভুলতে পারেননি। মনের গভীরে এখনো নিজেকে একজন বাস কন্ডাক্টর হিসেবেই ভাবেন তিনি।

পুরোনো দিনের স্মৃতি তাঁকে বারবার ফিরিয়ে নিয়ে যায় বেঙ্গালুরুতে। শহরটির বাস কিংবা বাস কন্ডাক্টরদের খাকি পোশাক দেখলেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।

সম্প্রতি বেঙ্গালুরু সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কন্ডাক্টরদের সেই পরিচিত পোশাক দেখলে তার মনে পুরোনো দিনের আকুতি জেগে ওঠে। বাসগুলো দেখলেই মন ভালো হয়ে যায় রজনীকান্তের।

খ্যাতির শীর্ষে থেকেও নিজের শিকড়ের প্রতি এমন টান রজনীকান্তের ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরে। পর্দায় তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনা থাকলেও ব্যক্তিজীবনে অতীতের সাধারণ দিনগুলোকে এখনো গভীর মমতায় আগলে রেখেছেন তিনি।

আলোচনায় ৭৫ বছর বয়সেও প্রধান চরিত্রে অভিনয় করে যাওয়ার পেছনের কারণও তুলে ধরেন রজনীকান্ত। তিনি জানান, ভক্তদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনই তাকে দীর্ঘদিন ধরে অভিনয়জগতে সক্রিয় রেখেছে। দর্শকদের এই ভালোবাসা না পেলে সাফল্যের বর্তমান অবস্থানে পৌঁছানো তার পক্ষে সম্ভব হতো না বলেও মনে করেন তিনি।

রজনীকান্তের বিশ্বাস, ভক্তদের সমর্থনের কারণেই বড় প্রযোজনা সংস্থাগুলো তাঁর সঙ্গে সিনেমা নির্মাণে আগ্রহী হয়। একইভাবে নেলসনের মতো পরিচালকেরাও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পান। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন এই অভিনেতা।

এদিকে ‘জেইলার ২’ সিনেমায় রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারমুডু, বিদ্যা বালান, আন্না রাজন ও যতীন সারনা। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে মোহনলাল, শিব রাজকুমার ও বিজয় সেতুপতিকে।

তারকাখ্যাতির আড়ালে নিজের অতীতকে ভুলে না যাওয়া রজনীকান্তের এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল, মানুষের জীবনে সাফল্য যত বড়ই হোক, শিকড়ের টান কখনো মুছে যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *