
বিনোদন ডেস্কঃ অস্কারজয়ী চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও দেশটির সান্তিয়াগোতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার প্রশংসিত চলচ্চিত্র ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’-এ একজন ট্রান্সজেন্ডার নারীর জীবন তুলে ধরে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন।
স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবার জানিয়েছে, তার স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন, যিনি চিলির সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ চলচ্চিত্রের জন্য লেলিও ২০১৮ সালে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (যা আগে ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ হিসেবে পরিচিত ছিল) বিভাগে একাডেমি পুরস্কার বা অস্কার জয় করেন। এই চলচ্চিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী ড্যানিয়েলা ভেগা একজন ওয়েট্রেস ও নাইটক্লাব গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন, যার জীবন প্রেমিকের মৃত্যুর পর বিপর্যস্ত হয়ে পড়ে।
এটি ছিল চিলির দ্বিতীয় একাডেমি পুরস্কার। এর আগে ২০১৬ সালে ‘বিয়ার স্টোরি’ নামের একটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই সম্মান অর্জন করেছিল। লেলিও পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়েভ’, ‘দ্য ওয়ান্ডার’, ‘ডিসওবিডিয়েন্স’ এবং ‘দ্য ইয়ার অব দ্য টাইগার’। কর্মজীবনে তিনি জুলিয়ান মুর, র্যাচেল ভাইস এবং ফ্লোরেন্স পিউয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন।
চলতি বছরের সেপ্টেম্বর আলেজান্দ্রো জামব্রার বই অবলম্বনে ‘পোয়েতা চিলেনো’ (চিলিয়ান পোয়েট) চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন লেলিও। তিনি আর্জেন্টিনার মেনদোসায় জন্মগ্রহণ করেন এবং দুই বছর বয়সে চিলিতে চলে আসেন। চিলির ফিল্ম স্কুলে ভর্তি হওয়ার আগে তিনি এক বছর সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন।




